ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

ads

বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেশী নসিহত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেশী নসিহত করার চেষ্টা করছে। এটা সরকারের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গত ১৫ বছরে তারা নিরপেক্ষ নির্বাচনের জন্য এমন নসিয়ত করেনি, তাহলে এখন কেন করছে?’


“এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে, আমরা একটা অত্যন্ত উচ্চমানের, মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করতে চাই। যে পরিবেশ গত ১৫ বছর ছিল না। এখন ভারত আমাদের এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি," বলেন পররাষ্ট্র উপদেষ্টা।


এই 'অগ্রহণযোগ্য' মনে করার কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "তারা (ভারত) জানে যে গত ১৫ বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সঙ্গে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলো প্রহসনমূলক হয়েছে, তখন তারা একটি শব্দও উচ্চারণ করেনি।"


"এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসীহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কী করবো। আমরা একটা ভালো নির্বাচন করবো, যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দিবে, তারাই নির্বাচিত হবে," বলেন তৌহিদ হোসেন। দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।


এই প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা খুব অপ্রত্যাশিত কিছু না। সাধারণত এটা ঘটে। একজনকে ডাকলে আরেকজনকে ডাকা হয়," তিনি আরও বলেন, "এটা বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে, আসলে এই সরকারের শুরু থেকে আজ পর্যন্ত (সম্পর্কে) টানাপোড়েন তো আছেই ভারতের সাথে।"


তবে 'সম্পর্কের এই টানাপোড়েন' মেনে নিয়েই বর্তমান সরকার ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।


"তবে আমরা চাইলেই যে হবে, এমন কোনো কথা নেই। দুইপক্ষ থেকেই সম্পর্ককে এগোনোর চেষ্টা করতে হবে," বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

ads
ads
ads

Our Facebook Page